আজকে আমরা দি মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাব্রেশন এর অন্তর্গত।

দি মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার (The martindale abrasion tester)
মূলনীতি (Main principle) :
এ যন্ত্রে সাধারণ নমুনা হোল্ডারের পরিবর্তে হালকা ওজনবিশিষ্ট বর্গাকৃতির হোল্ডার ব্যবহার করা হয়। এ হোল্ডারগুলো চাবি দ্বারা এমনভাবে আটকানো থাকে যা এরা ভার্টিক্যালি গতি প্রদান করতে পারে কিন্তু এদের অক্ষ বরাবর ঘুরতে পারে না। অর্থাৎ এ গতিটি বিভিন্ন দিকের গতির (Multi- directional movement) মাধ্যমে কাপড়ের উপর ঘর্ষণ (Rubbing) দেয়। নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণনের (cycle) ফলে ঘর্ষণে কাপড়ের যে ওজন হারায় (Weight loss) তা নির্ণয় করা হয়। অতঃপর নিচের সূত্রের সাহায্যে ওয়্যার ইনডেক্স (Wear index) বের করা হয় ৷
Wear index,
Wi = (Weight loss in mg/No. of cycle tested) x 100
একটি কাপড়ের ওয়্যার ইনডেক্স যতবেশি হবে উক্ত কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা তত কম হবে এবং ঐ কাপড়ের স্থায়িত্ব তত কম হবে।

যন্ত্রের বর্ণনা (Machine description) :
মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টারে চারটি অ্যাব্রেডান্ট থাকে। প্রতিটি অ্যাব্রেডান্টের ক্ষেত্রের উপর চাপ ৫৫০ গ্রাম/বর্গ ইঞ্চি। অ্যাব্রেডান্টের নিচের দিকে খুব শক্ত কর্ড বা এ জাতীয় কাপড় দ্বারা আবৃত থাকে। এটাই মূলত কাপড়ের অ্যাব্রেশন ঘটায়। এ মেশিনে চারটি বেড থাকে। প্রতিটি বেডের মধ্যে নমুনা আটকানো থাকে। একটি মটরের সাহায্যে অ্যাব্রেডান্টকে বেডের উপর আটকানো কাপড়ের উপর ঘুরিয়ে অ্যাব্রেশন দেয়া হয় ৷ নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণন (Cycle) সমাপ্ত হলে মেশিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ৷

কার্যপদ্ধতি (Working procedure) :
প্রথমে অ্যাব্রেশন প্লেটের সাইজ অনুসারে নমুনা কেটে নিয়ে এদের ওজন নির্ণয় করা হয়। এখন নমুনাগুলোকে অ্যাব্রেশন প্লেটে খুব শক্ত করে আটকিয়ে দেয়া হয়। এরপর মেশিন চালু করলে অ্যাব্রেডান্টগুলো নমুনার উপর বিভিন্ন দিকের ঘূর্ণন গতি দিবে ফলে নমুনার সর্বত্র রাভিং হবে। নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণন গতি (Cycle) সমাপ্ত হলে নমুনা যে ওজন হারায় (Weight loss) তা নির্ণয় করা হয়। এরপর নির্দিষ্ট নিয়মে ওয়্যার ইনডেক্স (Wear index) বের করা হয়।
মন্তব্য (Remarks) ঃ
কাপড়ের অ্যাব্রেশনের জন্য এর উজ্জ্বলতা, রং, পুরুত্ব, বায়ু প্রবেশ বা রোধক ক্ষমতা ইত্যাদিসহ আরও অনেক ভৌত গুণাবলির পরিবর্তন হয়। কাপড়ের ওয়্যার ইনডেক্স কম হলে বুঝতে হবে ঐ কাপড়ের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বেশি এবং স্থায়িত্বও বেশি।