আজকে আমরা গুণাগুণ এবং গুণাগুণ নিয়ন্ত্রণের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

গুণাগুণ এবং গুণাগুণ নিয়ন্ত্রণের সংজ্ঞা (Define quality and quality control)
একটি নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে কোয়ালিটি বা গুণাগুণ হল একটি ডিগ্রি অর্থাৎ তা কতখানি ক্রেতার বা ব্যবহারকারীর সন্তুষ্টি বা চাহিদা মিটাতে সক্ষম।
কোয়ালিটি শব্দটি কোন পণ্যের মৌলিক উৎকর্ষতা প্রকাশ করে। এটি দ্বারা সর্বশেষ পণ্যের (Finished product) প্রিসিশন (Precision) বা যথার্থতা বুঝায়। কোন পদার্থের কোয়ালিটি বা গুণাগুণ ঐ পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশিত হয়। অর্থাৎ কোন পণ্যকে তখনই ভালো বলা যাবে, যদি ঐ পণ্যটি প্রদত্ত স্পেসিফিকেশন (Specification) এর অনুরূপ হয় এবং প্রদত্ত স্পেসিফিকেশনগুলোর সাপেক্ষেই ঐ পণ্যের কোয়ালিটি নির্ধারিত হয়।

গুণাগুণ নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল (Quality control)
উৎপাদিত দ্রব্যের মান যে সমস্ত পরিবর্তনশীল বিষয় (Variables) দ্বারা প্রভাবিত হয় তাদের প্রগালিবন্ধ (Systematic) ও সুশৃঙ্খল (Regular) নিয়ন্ত্রণকে গুণাগুণ নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল বলে।
যে কোন উৎপাদন প্রক্রিয়ায় দ্রব্যের গুণগত মান যেমন- কাঁচামাল (Raw material), মেশিনারি ( Machinery), বিদ্যুৎ (Electricity), তাপমাত্রা (Temperature), আর্দ্রতা (Humidity), বায়ুস্থিত ধূলাবালি (Dust and dirt) এবং অনুরূপ কতিপয় শর্ত দ্বারা প্রভাবিত হয়। গুণা গুণ নিয়ন্ত্রণ হচ্ছে এই সকল বিষয়ের সুশৃঙ্খল এবং প্রণালিবদ্ধ নিয়ন্ত্রণ।

গুণাগুণ নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল হল সবচেয়ে কম খরচে ক্রেতা বা ব্যবহারকারীর যথেষ্ট সন্তুষ্টি বিধান করে উৎপন্ন পণ্যের মাননিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত সকল কলাকৌশল এবং পদ্ধতির সংমিশ্রণ। এগুলোর সঠিক প্রয়োগে দ্রব্যের উৎপাদন খরচ ও অপব্যয় হ্রাস পায় এবং দ্রব্যের গুণগত মান উন্নততর হয়। ফলে ভোক্তা পর্যায়ে দ্রব্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় ।