আজকের আলোচনার বিষয়ঃ আই এস ও সার্টিফিকেট দেয়ার পদক্ষেপসমূহ । যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর আই এস ও এর অন্তর্গত।

আই এস ও সার্টিফিকেট দেয়ার পদক্ষেপসমূহ (Steps of awarding ISO certificate)
একটি প্রতিষ্ঠান আই.এস.ও ৯০০০-২০০০ এর সমস্ত চাহিদা বা শর্তসমূহ পূরণ করে অভ্যন্তরীণ অডিটর দিয়ে অডিট করে মোটামুটি নিশ্চিত হবে যে, তার প্রতিষ্ঠানের আই.এস.ও স্ট্যান্ডার্ড অনুযায়ী গুণগত মান ব্যবস্থপনা পদ্ধতি চালু রয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠান আই.এস.ও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের কাছে তার প্রতিষ্ঠানকে আই.এস ও-তে অন্তর্ভুক্তির বিষয়ে লিখিত আবেদন করবে। লিখিত আবেদন পাওয়ার পর সার্টিফিকেট প্রদানকারী নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করবে।

১। সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ আবেদনকারী প্রতিষ্ঠানের ব্যাপারে যথেষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ এবং প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তথা পরিবেশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য মূল্যায়নকারী ও অডিটর নিয়োগ করবে।
২। অডিটরগণ উক্ত প্রতিষ্ঠানের কোয়ালিটি ম্যানুয়েল অত্যন্ত মনোযোগসহকারে অধ্যয়ন করবে এবং এতে প্রয়োজনীয় অনুমোদন দিবে।
৩। পরবর্তীতে পরস্পরের সাথে আলোচনা করে সুবিধাজনক তারিখে নিষ্পত্তির সময় নির্ধারণ করবে।
৪। প্রধান মূল্যায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে প্রারম্ভিক সভা (Opening meeting) আহ্বান করে তাদের অডিটের কার্যক্ষেত্র নিশ্চিত করবে। অডিটরদের মধ্যে এতদবিষয়ে কাজকর্ম যুক্তিযুক্তভাবে বণ্টন করে দিবে এবং উক্ত কাজের সমন্বয় ও সহায়তাদানের জন্য প্রতিষ্ঠানের কর্মীদের কাজে লাগাবে এবং অডিট কর্মসূচির তালিকা এবং চূড়ান্ত সভার (Final meeting) তারিখ নিশ্চিত করবে ।
৫। বিভাগওয়ারি এবং কাজের ধরন অনুযায়ী অডিট কার্য নির্ধারণ করে তা সমাধা করা ।
৬। মূল্যায়নকারী সদস্যরা পরস্পরের সাথে তাদের পর্যবেক্ষণের বিষয়ে মতবিনিময় করবে, পদ্ধতি মূল্যায়ন করবে তাদের পর্যবেক্ষণ পর্যালোচনা করবে এবং ফলাফল চূড়ান্ত করে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরির উদ্দেশে খসড়া তৈরি করবে।

৭। প্রারম্ভিক সভার উভয় পক্ষের উপস্থিত সদস্যরাই চূড়ান্ত সভায় মিলিত হবে। অডিটরেরা তাদের পর্যবেক্ষণের প্রাপ্ত বিভিন্ন গরমিল এবং বৈসাদৃশ্যগুলো সভায় উপস্থিত সদস্যদের কাছে ব্যাখ্যা করবে এবং সদস্যরা উল্লিখিত বিষয়সমূহ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থার বিষয়েও একমত হবে।
৮। পরবর্তীতে গরমিল এবং বৈসাদৃশ্যসমূহের ব্যাপারে প্রয়োজনীয় সংশোধনসমূহ সম্পন্ন হলে মূল্যায়নকারী পুনরায় মূল্যায়ন করবে।
৯। এ অবস্থায় প্রধান মূল্যায়নকারী এই মর্মে সন্তোষ প্রকাশ করবে যে, প্রতিষ্ঠান প্রাসঙ্গিক আদর্শ মানের (Relevant standards) গুণগত মান সংক্রান্ত চাহিদা নিশ্চিত করেছে এবং তা বজায় রাখতে সম্মত আছে। এ পরিপ্রেক্ষিতে প্রধান মূল্যায়নকারী তার কর্তৃপক্ষের (সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ) কাছে উক্ত প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট ইস্যু করার সুপারিশ করবে। তদপ্রেক্ষিতে প্রতিষ্ঠান আই.এস.ও সার্টিফিকেট লাভ করবে।